Wednesday, May 11, 2016

"হোয়াটসঅ্যাপে আসছে ভিডিও কল"

দিনাজ্পুর "অডিও কল ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর আগে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছিল গ্রুপ কলিংয়ের সুবিধা।
এরপর শোনা গিয়েছিল কল ব্লক, ভয়েস মেইল ও জিপ ফাইল শেয়ারিংয়ের সুবিধা যোগ হতে পারে হোয়াটসঅ্যাপে। তবে সেগুলো যোগ না হলেও একেবারে নতুন আরেকটি খবর পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে যোগ হতে যাচ্ছে ভিডিও কলিং সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ।
ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।
অল্পকিছু ডিভাইসে এই সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে কি না আর করলেও কবে নাগাদ করা হবে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপের মালিকানা বর্তমানে ফেসবুকের হাতে রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। ফেসবুক মেসেঞ্জারে এরই মধ্যে যোগ করা হয়েছে ভিডিও কল।
এ ছাড়া স্কাইপ, ইমো-এর মতো অ্যাপ্লিকেশনগুলোতেও রয়েছে ভিডিও কলিংয়ের সুবিধা। তবে হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরাও যেন নির্বিঘ্নে ভিডিও কলিংয়ের সুবিধা পেতে পারে।
গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল। ২০১০ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ।
চার বছর পর ২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। এখন ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই কাজ করছে হোয়াটসঅ্যাপ

        " ইউটিউবকে টেক্কা দিতে ভিডিও সেবা আনছে অ্যামাজন "

ভিডিও স্ট্রিমিংয়ের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। গুগলের এই সেবাটিকে টেক্কা দিতে এবার মাঠে নামতে যাচ্ছে শক্ত এক প্রতিদ্বন্দ্বী অ্যামাজন।
‘অ্যামাজন ভিডিও ডাইরেক্ট’ নামে নতুন এক অনলাইন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট চালু করেছে তারা। এ খবর জানিয়েছে বিবিসি।
অ্যামাজনের এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে ভিডিও আপলোড করতে পারবেন। সেই সঙ্গে এর মাধ্যমে তারা অর্থ আয় করতে পারবেন। এ ছাড়া এ সেবার আওতায় প্রাইম ভিডিওর মাধ্যমে দেখা যাবে বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং চলচ্চিত্র।
ইউটিউবের মতোই  বিনামূল্যে এই সেবা পাবেন ব্যবহারকারীরা। তবে সামান্য কিছু টাকা খরচের মাধ্যমে বিজ্ঞাপনের যন্ত্রণা ছাড়াই ভিডিও দেখতে পারবেন অ্যামাজন প্রাইম মেম্বাররা। এ ছাড়া প্রাইম মেম্বাররা আরো বেশকিছু বিশেষ সুযোগ সুবিধা পাবেন।
এ সম্পর্কে অ্যামাজন ভিডিওর ভাইস প্রেসিডেন্ট মাইকেল পল বলেন, ‘অ্যামাজন ভিডিওতে আমরা নিত্যনতুন সব সেবা যোগ করেছি। আমাদের এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অনেক সহজেই তাঁদের ভিডিওর দর্শক খুঁজে পাবেন। আর এটা প্রয়োজনীয় ভিডিও সহজে খুঁজে পেতেও সাহায্য করবে।’
প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, জাপান এবং ব্রিটেনে এই সেবা প্রদান করবে অ্যামাজন। তাই আপাতত অপেক্ষায় দিন গুনতে হবে বিশ্বের অন্যান্য প্রান্তের প্রযুক্তিপ্রেমীদের .


এসএসসিতে ৮৮ ভাগ পাস, লক্ষাধিক পরীক্ষার্থী জিপিএ-৫

এসএসসিতে ৮৮ ভাগ পাস, লক্ষাধিক পরীক্ষার্থী জিপিএ-৫


ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শুরু হয়েছে।

এবার গড় পাসের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে লক্ষাধিক পরীক্ষার্থী।

বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ড চেয়ারম্যানরা।



দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন।

গত বছর এসএসসি-সমমানে পাসের হার ছিল ৮৭. ০৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল লক্ষাধিক পরীক্ষার্থী।

চলতি বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456 2015)

আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।